আজকের শীর্ষ খবর ডেস্ক:
বরাবর, মির্জা আজম মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৩, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বিষয়ঃ যাত্রীসেবা নিয়ে সাধারণ জনগনের পক্ষে দৃষ্টি আকর্ষণ। জনাব, আমি সাধারণ জনগনের পক্ষে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, আপনি জামালপুর জেলার মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের মনি। দলমত নির্বিশেষে আপনাকে ভালোবাসেনা এরকম একঘেয়েমি লোকের সংখ্যা খুবই কম হবে। প্রায় ২৬ লক্ষ মানুষের জামালপুরের উন্নয়নে আপনার অবদান অনস্বীকার্য। তারপরেও মনে বড় ব্যাথা জামালপুরের লোকজনের যাতায়াতের মাধ্যম নিয়ে। ঢাকা থেকে জামালপুরে আমরা ৩ টি রুটে চলাচল করে থাকি। বাসে টাঙ্গাইল এবং ময়মনসিংহ হয়ে, আর ট্রেনে করে। জামালপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকেট পাওয়া এখন অনেকটা সোনার হরিণের মত। কাউন্টার থেকে খুব সামান্য টিকেটই ভাগ্যবানরা পেয়ে থাকেন। বাকীদের টিকেট পাওয়ার একমাত্র স্থান কয়েকগুন বেশি দাম দিয়ে কালোবাজারিদের কাছ থেকে। কাউন্টারে পাওয়া না গেলেও ট্রেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত কিছু লোক তাদের নির্ধারিত মুল্যে টিকেট বিক্রি করে থাকে। আবার ময়মনসিংহ হয়ে একমাত্র বাস সার্ভিসটির নাম হলো রাজিব। আমি গত ২৮/০৭/২০২০ ইং রাজিব বাসে করে জামালপুরে যাচ্ছিলাম। বিশ্বব্যাপী করোনা ক্রান্তিলগ্নে আমাদের দেশের নিয়ম অনুযায়ী ২ সিটে একজন নেওয়ার কথা থাকলেও তারা যাত্রীপ্রতি ৫০০ টাকা করে ভাড়া নিয়ে প্রতি সিটেই যাত্রী নিয়েছে। এবং দাঁড়িয়ে যাত্রী নেওয়ার সুযোগটাও হাতছাড়া করেনি। গাড়ির এবং যাত্রীসেবার মান খারাপ সেতো আছেই। আমাদের বিকল্প না থাকায় বাধ্য হয়েই এভাবে চলতে হচ্ছে। এতে করে যাত্রী দুর্ভোগ যেমন চরমে পাশাপাশি জামালপুরে করোনা ভাইরাস আরও ভয়াবহ আকারে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। আপনি জামালপুরের মানুষের অনুভূতি বুঝতে পারেন। তাই আপনার কাছে একটাই দাবি, নির্দিষ্ট একটি কোম্পানির বাস সার্ভিস না রেখে সারা বাংলাদেশের মতো আরও ২/৪ টা ভালো বাস সার্ভিস চালু করে জামালপুরের মানুষের প্রাণের আকুতি মিটাইবেন। এবং এতে করে আপনি হয়তো মুষ্টিমেয় (২০০/৩০০ জন) লোকের কাছে খারাপ হবেন। কিন্তু প্রায় ২৬ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হবেন ইনশাআল্লাহ। অতএব, বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে উপরোল্লিখিত বিষয়টি বিবেচনা করতে আপনার সুদৃষ্টি কামনা করছি। নিবেদক, জামালপুরের মানুষের পক্ষে একজন সাধারণ নাগরিক।

Post a Comment